চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) আনুমানিক রাত ১টার দিকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গ্রেপ্তার রিয়াদ হোসেন (২২) সাতকানিয়া উপজেলার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা নয়াপাড়ার আহমেদ হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, ‘বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’
এর আগে, রবিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা নয়াপাড়ায় একটি ব্রিজের ওপর বাবা আহমেদ হোসেনকে (৫২) গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান রিয়াদ। পরে আহমেদ হোসেনের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে রিয়াদ হোসেন এক বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। পারিবারিক বাধা থাকায় স্ত্রীকে নিয়ে বাবার ঘরে ঢুকতে পারেননি তিনি। তবে, স্ত্রীকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন রিয়াদ। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে শুরু করেন জীবিকা নির্বাহ। ঘরে ঢুকতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। রবিবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পাড়ার লোকজন নিয়ে বাড়ির উঠানে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলেকে টর্চলাইট দিয়ে আঘাত করেন বাবা। বৈঠকে বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। পরে আহমেদ হোসেন বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ব্রিজের ওপর অন্ধকারে গিয়ে বসে থাকে। সেখানে গিয়ে বাবাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যান রিয়াদ।
আরিফুল ইসলাম/এসজি/