বাংলাদেশ কোস্টগার্ড বঙ্গোপসাগরে পৃথক দুটি অভিযানে মিয়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জন পাচারকারীকে আটক করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে পাচার করার পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে ভোর ৪টায় কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। এসব পণ্য শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
অন্যদিকে, গত ১০ নভেম্বর (সোমবার) রাত ৯টায় কোস্টগার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চট্টগ্রামের নতুন ব্রিজ সংলগ্ন কর্ণফুলি নদীতে অভিযান চালিয়ে আরও একটি পাচারচক্রকে আটক করে। এ সময় একটি ফিশিং বোট থেকে ৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সিমেন্ট, ২০০ পিস ইট ও ৩ হাজার কেজি লোহার রড উদ্ধার করা হয়। এতে দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে।
জব্দকরা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাহীন/রিফাত/