পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে সুদের টাকা চাইতে গিয়ে হামলায় প্রাণ হারালেন সরোয়ার হোসেন (৪৮)।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত সরোয়ার পুকুর জানা এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, আমার ভাই নগদ টাকার ব্যাবসা করেন। তারই ধারাবাহিকতায় ইলিয়াস নামে একজনকে টাকা দিয়েছিলেন। ইলিয়াস টাকা ফেরত দেওয়ার কথা বলে আমার ভাইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে বিভিন্নভাবে ঘুরানোর একপর্যায়ে চার-পাঁচজন মিলে দা ও রড নিয়ে তার ওপর হামলা করে। হাসপাতালে যাওয়ার আগে আমার ভাই জবানবন্দিতে বলে গেছেন কারা হামলা করেছে এবং কেন করেছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ বর্তমানে বরিশালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে ঘটনার বিস্তারিত জানা যাবে ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসিবুর রহমান/নাঈম