চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আর টি রাশেদ (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠান্ডা গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার আবুল বাশারের ছেলে। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাজা নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. নজরুল জানান, সকালে রাউজান থেকে সিএনজিচালিত অটোরিকশায় রাশেদসহ মোট চারজন যাত্রী রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ছাইরী বাজারের দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ধাক্কা দেয়। চাপ খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে কলেজ ছাত্র রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার কলেজ পরীক্ষায় অংশ নিতে রাঙামাটি যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন রাশেদ। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তৈয়্যবুল ইসলাম/নাঈম