ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুরে একটি কারখানার সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় ও কেমিক্যাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ফরিদপুর সদরের শিবরামপুরের ছোট বটতলা এলাকায় স্বপন কুমার শীলের ভেজাল গুড়ের কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। এতে ফরিদপুরের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মো. আজমুল ফুয়াদ, ফরিদপুরের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং বাংলাদেশ আনসারের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জানা গেছে, কারখানাটি অত্যন্ত নোংরা, স্যাঁতসেঁতে, অপরিষ্কার-অপরিচ্ছন্ন। এ ছাড়া নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ না করেই ভারত থেকে আমদানি করা নিম্নমানের টিনজাত চিটাগুড় (যা গো-খাদ্যে ব্যবহৃত হয়) এর সঙ্গে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, ননফুড গ্রেড ক্ষতিকর রং ও ফ্লেভার, পচা মিষ্টি, মিষ্টির নষ্ট গাদ, ময়দা, সোডা, চিনি ব্যবহার করে খেজুর ও আখের গুড় তৈরি করা হয়। কারখানাটি সাধারণত রাতের অন্ধকারে ভেজাল গুড় উৎপাদন করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করে থাকে।
ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান জানান, কারখানায় মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকায় সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় এবং শিল্পে ব্যবহার্য কেমিক্যাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ছাড়া কারখানাটি সিলগালা করার পাশাপাশি নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়েরের কার্যক্রম চলছে।
সঞ্জিব/মেহেদী/