ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র
Nagad desktop

কুমিল্লা হানাদারমুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
কুমিল্লা হানাদারমুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি
ছবি: খবরের কাগজ

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কুমিল্লাকে হানাদারমুক্ত করার দিনটি স্মরণীয় করতে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা মুক্তদিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) টাউন হল মাঠ থেকে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সেই সঙ্গে আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

এদিন বিকেলে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বেলুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন অতিথিগণ। 

র‌্যালিতে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, এবি পার্টি কুমিল্লার সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাহবুবর রহমান, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিগণ।

টাউন হল মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত,  ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় কুমিল্লা। ৮ ডিসেম্বর ভোরে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা কুমিল্লার কয়েকটি প্রান্ত দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করেন। তখন রাস্তায় জনতার ঢল নামে। কুমিল্লার জনগণ জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নিয়ে উল্লাসভরে তাদের স্বাগত জানান। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

বরাবরের মতো এবারও কুমিল্লা মুক্তদিবস উদযাপনে কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সে কর্মসূচির অংশ হিসেবেই সোমবার বিকেলে টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের। র‌্যালিতে কুমিল্লার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জহির/মাহফুজ

 

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুইজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণ কাজের সুবাদে তারা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন। বিকেল পাঁচটার দিকে কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। এমতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বক্তব্য জানতে চাইলে বহুতল ভবন মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোন ধরনের গাফিলতি নেই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুজ্জামান মিন্টু/এসএন

শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে পৌর শহরের খমড়পুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিজয়নগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

স্বজনেরা জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে কাশেম মিয়া লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে বিজয়নগর উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুটন বনিক/এসএন

সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দূর্গম উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৭ মারিশ্যা জোন।

বুধবার (১৭ জুন) দুপুরে সাজেক উদয়পুর সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিজিবির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ছাড়াও সেলাই মেশিন, ঢেউটিন, পানির ট্যাংকি বিতরণ করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন। তিনি বলেন 'বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার ও জানমালের নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে'।

সভায় ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা ও স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান কারবারিগণ উপস্থিত ছিলেন।

জিয়াউর/আমান

হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী তাদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার গোলাপনগর কুঠিবাড়ি গ্রামের খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম মম (৪৫) এবং ছেলে মানিক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপনগর কুঠিবাড়ি গ্রামের খোকন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করে। তাদেরকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের ক্ষোভে স্থানীয় লোকজন তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে রান্নাঘরের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

আসাদ/নাঈম

সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের  মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলো: ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে বুধবার দুপুরে সোনারগাঁয়ে ঘুরতে আসে। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজের এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনেরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন, দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো: ইমরান হোসেন/এসএন