শরীয়তপুরের ডামুড্যার তিলই এলাকায় রাতের আধারে খোকন দাস (৫০) নামে এক ওষুধ ও বিকাশ এজেন্টে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফর করেন। ওই ব্যবসায়ী ও তার পরিবারের অভিযোগ হামলাকারীদের চিনে ফেলায় শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে খোকন দাস প্রতিদিনের মতো বুধবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কেউরভাঙ্গা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে তিন থেকে চারজন দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আহতের স্ত্রী সীমা দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীর মাথা ও হাতে আগুনে পোড়া ও জখম রয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আহত ব্যক্তি একজন ঔষধ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের তিনি চিনে ফেলায় তাকে কুপিয়ে এবং কেরোসিন জাতীয় পদার্থ দিয়ে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করে। পরিবারের লোকজন ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজিব হোসেন/সুমন/