নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিখোঁজের একদিন পর ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. সোহেল মিয়ার (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকায় সড়কের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশাচালক উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে একজন শারিরীক প্রতিবন্ধী ছিলেন। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা সোহেলকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, অটোরিকশাচালক সোহেল গত সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে সে বাড়ি ফিরে নাই। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে তার সন্ধান নিয়েও তার খোঁজ মিলে নাই। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালু থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে।
নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানান, আমার স্বামীকে হত্যার ন্যায় বিচার চাই। আমার লামিয়া ও সুরাইয়া নামের দুই মেয়ে রয়েছে। এখন তাদের কে দেখবে?
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত করররমকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ইমরান হোসেন/নাঈম