চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দরজায় শিকল আটকে একটি হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ওই পরিবারটির একটি খড়ের গাদায়ও আগুন দেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে।
ওই বসতঘরটির মালিক সুমন কর্মকার। তিনি পূর্বে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করলেও বর্তমানে একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করেন।
সুমন কর্মকার বলেন, 'আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে আমার মা চিৎকার করে আমাকে ডাকলে আমি দরজা খুলে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু কোনোভাবেই দরজাটি খোলা যাচ্ছিল না। এরপর আমি অন্য একটি দরজা দিয়ে বাইরে বের হয়ে দেখি টিনের চালের নিচে শুকাতে দেওয়া কতগুলো কাপড়ে এবং খড়ের গাদায় আগুন জ্বলছে। একই সময় আমাদের মূল দরজায় সামনে থেকে শিকল আটকানো ছিল। তখন আমি আশেপাশের লোকজনকে ডাকাডাকি করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।'
সুমন কর্মকারের মা শান্তি কর্মকার বলেন, 'আমি ঘরের ভেতর থেকে বাইরে আলো দেখে প্রথমে মনে করেছিলাম চোরের দল আমার ছেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। এরপর ছেলেকে ডাকার পর সবাই মিলে বাড়ি থেকে বের হয়ে দেখি আগুন। যদি তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারতাম আমরা হয়তো পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যেতাম। ইশ্বরের কৃপায় আমরা রক্ষা পেয়েছি।'
সুমন কর্মকারের চাচি কৃষ্ণা কর্মকার বলেন, ওদের চিৎকার-চেঁচামেচি শুনে আমি ঘর থেকে বের হয়ে আগুন দেখতে পাই। এরপর আমরাসহ পার্শ্ববর্তী মুসলিম সম্প্রদায়ের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আজকে ওদের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে আগামীকাল আমার বাড়িতে এমন ঘটনা ঘটাবে না এটার কি বিশ্বাস। আমরা কীভাবে এখানে থাকব? আমাদের তো নিরাপত্তার দরকার।'
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা খবরের কাগজকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুল ইসলাম/সুমন