নোয়াখালী সদরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের দায়ে মো. সুজন (২৭) নামে এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। দুই সন্তানের বাবা সুজন ওই গ্রামের বাসিন্দা।
এরআগে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ধর্মপুর গ্রামের একটি বিদ্যালয় থেকে শিশুটি বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। পরে স্থানীয়দের কাছে বিষয়টি প্রকাশ করেন শিশুটি।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, রবিবার বিকেলে স্কুল ছুটির পর মেয়েকে বাড়ি ফিরতে না দেখে স্কুলের দিকে যাচ্ছিলাম। একপর্যায়ে দেখি স্কুলে যাওয়ার পথের একটি বাড়ির সামনে লোকজনের জটলা। তখন সেখানে গিয়ে তিনি বিষয়টি জানতে পারি।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 'ওই ছাত্রীর অভিভাবক ফোন করে বিষয়টি জানানোর পর স্থানীয়দের সহযোগিতায় বখাটে সুজনকে আটক করে স্কুলে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।'
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিকে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
ইকবাল হোসেন/সুমন/