সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফে নবনির্মিত সি-বিচ বিওপি উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি মহাপরিচালক প্রথমে সেন্টমার্টিন দ্বীপে নবনির্মিত বিওপি উদ্বোধন করেন। সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ় করা এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়। এর মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এরপর তিনি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মেরিন ড্রাইভ সড়কের পাশে নবনির্মিত সি-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সি-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানে অবস্থানরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল পুনরায় সেন্টমার্টিন দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। বর্তমানে নবনির্মিত বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে সেন্টমার্টিন বিওপির কার্যক্রমের পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো।
শাহীন/অমিয়/