কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একমাত্র ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে ব্যালটবাক্স, ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম শাহপরীর দ্বীপের জেটি ঘাট থেকে কোস্টগার্ডের মেটাল শার্ক এবং ডিসিবি ব্যবহার করে সেন্টমার্টিনে পৌঁছে দেওয়া হয়েছে।
এই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে সাতজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, দুইজন পুলিশ সদস্য এবং তিনজন আনসার।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে টেকনাফ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম জানান, সকাল ১০টা থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রের দূরত্ব অনুযায়ী সরঞ্জাম পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করছে।
টেকনাফ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসাররা প্রত্যেক ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালটবাক্স, ব্যালট পেপার, সিল, কালি, ভোটার তালিকা ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেছেন। প্রিজাইডিং কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণের পর তা কঠোর নিরাপত্তার মধ্যে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
উখিয়া ও টেকনাফ উপজেলাকে নিয়ে গঠিত আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৮২৫ জন। এর মধ্যে টেকনাফ উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৬৫৫ জন এবং উখিয়া উপজেলায় ১ লাখ ৭১ হাজার ১৭০ জন। টেকনাফে মোট ৬১টি এবং উখিয়ায় ৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। সেন্টমার্টিন দ্বীপের ভোটার সংখ্যা ৪ হাজার ৪৫ জন, যা এক ভোটকেন্দ্র এবং ৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে প্রাথমিকভাবে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চারজন প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। তারা হলেন- বিএনপির শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর নুর আহমদ আনোয়ারী (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের নুরুল হক (হাতপাখা), এনডিএমের সাইফুদ্দিন খালেদ (সিংহ)।
মো. শাহীন/অমিয়/