বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোট গণনা শুরুর আগেই রাতে রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। এ সময় বিষয়টি বুঝতে পেরে বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা প্রতিবাদ জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বরগুনা পৌর শহরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রিজাইডিং অফিসার হলেন গুদিঘাটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসাইন।
বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা অভিযোগ করে বলেন, অনেকগুলো কাগজে স্বাক্ষর করতে হবে বলে প্রিজাইডিং অফিসার আমাদের কাছ থেকে স্বাক্ষর নেন। কিন্তু পরে আমরা বুঝতে পারি, সেটি ছিল রেজাল্ট শিট। বিষয়টি জানাজানি হলে তিনি সঙ্গে সঙ্গে কাগজটি ছিঁড়ে ফেলেন। আমরা এ ঘটনায় নির্বাচনকে প্রভাবিত করার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছি। দ্রুত তার অপসারণ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
এছাড়াও তারা বলেন, ঘটনার প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও কোনো ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হননি, যা অত্যন্ত দুঃখজনক। পরে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সিফাত বিন সাদেক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ বিষয় অভিযুক্ত প্রিজাইডিং অফিসার মাওলানা ইলিয়াস বলেন, আমি কাজ এগিয়ে রাখতে স্বাক্ষর নিয়েছিলাম।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
মহিউদ্দিন অপু/নাঈম