ভোট শেষ হওয়ার আগেই ভোট গণনার বিবরণীতে পোলিং অ্যাজেন্টদের স্বাক্ষর নেওয়ায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান তাকে প্রত্যাহার করেন। এ সময় সাতকানিয়া আংশিক আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি নেতা নবী হোসেন ও গাজী ফোরকান বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার আগে প্রিসাইডিং অফিসার বেশ কয়েকজন প্রার্থীর পোলিং অ্যাজেন্টদের কাছ থেকে ভোট গণনার বিবরণীতে স্বাক্ষর নেন। একপর্যায়ে তিনি ধানের শীষের প্রার্থীর পোলিং অ্যাজেন্টকে সেখানে স্বাক্ষর করতে বলেন। ওই পোলিং অ্যাজেন্ট বিষয়টি আমাদেরকে জানালে আমরা প্রিসাইডিং অফিসারের কাছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি স্বাক্ষর করা ওই ভোট গণনার বিবরণীগুলো ছিঁড়ে ফেলেন। পরে তাকে প্রত্যাহার করা হলে তিনি ভোটকেন্দ্র ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, ভোটগ্রহণ পরবর্তী সময় স্বল্পতার কথা চিন্তা করে আমি আগে থেকে স্বাক্ষর নিয়েছিলাম।
আরিফুল ইসলাম/নাঈম