ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল পলাশে ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
Nagad desktop

বরিশালে লাগামহীন দামে অস্থির বাজার

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
বরিশালে লাগামহীন দামে অস্থির বাজার
বরিশাল নগরীর ফলপট্টিতে রমজান মাসকে কেন্দ্র করে গতকাল বাড়তি ভিড় লক্ষ করা যায়। ছবি: খবরের কাগজ

পবিত্র রমজান মাসের শুরুতেই বরিশালের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে রমজানকেন্দ্রিক সব পণ্যের দাম। বিশেষ করে খেজুর, ফল ও ইফতারসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। যদিও গত মঙ্গলবার থেকে নগরীতে টিসিবির ট্রাকসেল শুরু হয়েছে। তবে এর প্রভাব খুচরা বাজারে তেমন দেখা যাচ্ছে না।

নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের খেজুরে কেজিপ্রতি ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে জাহিদী খেজুর ৩২০ টাকা, খুরমা ৩৫০ টাকা, নাগাল ৪০০ টাকা, বড়ই ও গাবাজ ৪৮০-৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কালমি ৭০০-৭৫০ টাকা, সুক্কারি ৮০০ টাকা, মাবরুম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা, মরিয়ম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং মেডজুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজওয়া খেজুরের দাম কেজিতে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

ফলের বাজারেও একই চিত্র। কালো আঙুর ৬০০-৭০০ টাকা, সাদা আঙুর ৫২০-৫৫০ টাকা, আপেল ৩২০-৩৮০ টাকা, কমলা ও মাল্টা ৩০০-৩৫০ টাকা এবং আনার ৪৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকায় উঠেছে।

বরিশাল ফলপট্টি এলাকায় ফল কিনতে আসা রমজান আলী বলেন, ‘শুনেছি, অন্য দেশে রমজান এলে দাম কমে, কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র। সামান্য অজুহাত পেলেই দাম বাড়ে।’ শাহানা বেগম নামে আরেক ক্রেতা বলেন, ‘ফলের দামে আগুন। অনেকেই হয়তো ফল ছাড়াই ইফতার করবেন।’

সবজির বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ ২০০-২৫০ টাকা, করলা ১৩০-১৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা এবং বাঁধাকপি ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ৬০-৭০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি রুই মাছ ৩৫০-৫০০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, তেলাপিয়া ২০০-৩৫০ টাকা এবং পাঙাশ ২৫০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম প্রকারভেদে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সোনালি মুরগি ৩৫০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা এবং গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খেসারির ডাল ১০০ টাকা, মুগডাল ১৫৫ টাকা, দেশি মসুর ১৬০ টাকা, ছোলা ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল ২০০ টাকা এবং সরিষার তেল ২২০ টাকা লিটার। নগরের এক পাইকারি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমেছে। পরিবহন ব্যয় ও চাহিদা বৃদ্ধিও দামের ওপর প্রভাব ফেলছে।

নগরীর বহুমুখী পাইকারি সবজির বাজারের দুলাল বাণিজ্যালয়ের মালিক শুভ জানান, রমজানের কারণে সবজির দাম বাড়েনি; শীতকালীন সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম কিছুটা বেশি। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে শ্রমিক খরচ ও ভ্যান ভাড়া দিয়ে বিক্রি করতে হয়। তিনি বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। কারণ আড়তদাররা শুধু বিক্রির ওপর কমিশন পান, যার পরিমাণ সারা বছরই সমান থাকে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, ‘রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ রমজান শুরুর আগেই বাজারের এমন অস্থিরতায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন দেখার বিষয়, প্রশাসনের নজরদারি কতটা কার্যকর হয়।

নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
ছবি: খবরের কাগজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে বাবুল বিশ্বাস (৪০) ও মো. টিটুল খান (৪০) নামে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার শালনগর ও মতিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বাবুল বিশ্বাস মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তিনি উপজেলার মতিনগর এলাকার বিল্লাল বিশ্বাসের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবুল বিশ্বাস বিকেলে ইছামতি বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান ফেরদৌস শরীফ বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাবুল বিশ্বাসের মৃত্যু হয়েছে।’

অপরদিকে একই উপজেলার শালনগর এলাকায় মো. টিটুল খান (৪০) নামে আরও একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি শালনগর গ্রামের মতি খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা নিজের গরু আনতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে টিটুল খানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।’

শফিকুল/রিফাত/

সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্তে মানবিক সংকটে সৃষ্টি হয়েছে। ভারত থেকে পুশইন হওয়ার অভিযোগে তিন শিশুসহ ১০ নারী পুরুষ গত ৩৮ ঘন্টা ধরে  ভারতের সীমান্তের শূন্য রেখায় আটকা পড়ে রয়েছেন। তাদের গ্রহণ করছে না ভারত আবার বাংলাদেশেও তারা প্রবেশ করতে পারছে না। ফলে খোলা আকাশের নিচে, চারপাশে পানি ঘেরা কৃষিজমির সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল।

শুক্রবার (৫ জুন) ভোরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারায় ভারতের শূন্য রেখায় আটকে আছেন৷ ফলে ওই পারে ভারতীয় বিএসএফ, মাঝে সেই ভুক্তভোগী ১০ জন, আর বাংলাদেশ অংশে দিকে বিজিবি অবস্থান করছে। তাদের কেউ না টানায় মাঝখানে তারা অপেক্ষার প্রহর গুনছেন। 

শনিবার (৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়,  ভারতীয় অংশে  মাত্র এক হাত প্রস্থের একটি আইলের ওপর মানবেতর জীবনযাপন করছেন তারা। চারদিকে পানি জমে থাকা কৃষিজমিতে। শুক্রবার রাতের বৃষ্টিতে আইলের পাশের পানির উচ্চতা আরও বেড়েছে। তারা বসলে পা ডুবে যাচ্ছে পানিতে, আর শোয়ার জন্য ব্যবহার করতে হচ্ছে কাপড়ের ব্যাগ। তাও আবার লম্বালম্বি হয়ে কষ্ট করে শুতে হচ্ছে। দিনভর প্রখর রোদ্রের মধ্যে অতিবাহিত করার পর ওই ১০ শিশু, নারী ও বৃদ্ধসহ সবাইকে কাটাতে হচ্ছে আরেকটি অনিশ্চিত রাত। বৃষ্টি হলে হয়তো তাদের আশ্রয়স্থলের আইলটিও পানিতে ডুবে যাবে৷ এছাড়া তাদের সেই স্থান থেকে নড়তে দেয়া হচ্ছে না।।

পুইশনের শিকার ভুক্তভোগীদের মধ্যে তিন শিশু, দুই নারী, একজন বৃদ্ধ ও চারজন পুরুষ রয়েছে । তাদের বলছেন, শুক্রবার ভোর থেকে তারা কার্যত অনাহারে রয়েছেন। মাঝে মধ্যে আশপাশের জমির পানি পান করেই তৃষ্ণা মেটাতে হচ্ছে। বিজিবি থেকে কিছু শুকনো খাবার ও পানি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের মানবিক সহায়তা মেলেনি বলে অভিযোগ তাদের।

জানা গেছে, শুক্রবার ভোর ৬টার দিকে ভারতীয় বিএসএফ তাদের সীমান্তের গেট থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করলে   বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ভারতীয় সীমান্তের শূন্য রেখায় আটকা পড়ে। পরে পর পর তিন দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। 

এদিকে স্থানীয় সচেতন মহলের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, বিজিবি  তাদের ভারত থেকে ঠেলে দিয়ে কাজটি ঠিক করেনি। ভারতের শূন্য রেখায় যেহেতু তারা এখনও অবস্থান করছে তাই তাদের দ্রুত ফিরিয়ে নেয়ার উচিত বলে জানান। 

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, অধিনায়ক পর্যায়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ আমরা এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছি। কিন্তু  বিএসএফ পুশইন করার বিষয়টি অস্বীকার করেছে এবং তাদের ফেরত নিতেও অস্বীকার করেন। তবে ভিকটিমও স্বীকার করছে তাদের ভারত থেকে সীমান্ত পার করে দেয়া হয়েছে। 


মো: রনি মিয়াজী/এসএন

পলাশে ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
পলাশে ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি
১২০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা। ছবি: খবরের কাগজ

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকরা তৈরি করেছেন ১২০০ ফুট লম্বা এক বিশালাকার পতাকা।

শনিবার (৬ জুন) বিকেলে হলুদ জার্সি পরে শত শত ব্রাজিল সমর্থক ওই বিশাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন। র‍্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে শুরু হয়ে ওয়াপদা গেইট প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। সেই সঙ্গে প্লাস্টিক বাঁশির শব্দ ও রঙিন আতশবাজির ঝলকে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আনন্দে মুখরিত হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

ব্রাজিল সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই পলাশ বাজার এলাকায় ব্রাজিল ভক্তরা ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। তাদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপেও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতবে।

এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের প্রতীকী জবাব দিতে অনেক ব্রাজিল সমর্থকরা সেভেনআপ পান করার মাধ্যমে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সমালোচনার প্রতিবাদ জানান।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে প্রিয় দলের বিজয় প্রত্যাশা করেন।

শাওন/নাঈম

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। আহত ও নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। 

শনিবার (৬ জুন) সন্ধ্যায় রতনপুর এলাকায় শাহ আলী সুপার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, নিহত এবং আহতদের উদ্ধার ও পরিচয় জানতে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টীম কাজ করছে। প্রাথমিক ভাবে জানা গেছে অটোরিকশাটি উল্টোপথে চলছিল।  বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সকালে মোটর সাইকেল ও বাসের সংঘর্ষে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়ায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। এনিয়ে পৃথক দুই দুর্ঘটনায় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।


জহির শান্ত/এসএন

অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম
অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড
ছবি: সংগৃহীত

অধস্তন কর্মকর্তাকে চপেটাঘাত করার ঘটনায় সিলেটের মোহাম্মদ নজরুল ইসলাম নামে এক নির্বাচন কর্মকর্তাকে তিরস্কার ও এক বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মোহাম্মদ নজরুল ইসলাম সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা ছিলেন।

শনিবার (৬ জুন) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ নজরুল ইসলাম শেরপুরের নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত থাকাকালে গত ২০ জানুয়ারি অফিসের টোনার ক্রয়ের বকেয়া বিল পরিশোধকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়।

ঘটনার প্রাথমিক তদন্তে দেখা যায়, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে’র সঙ্গে নজরুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি পার্থ প্রতীম দেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রোধান্বিত হয়ে তাকে চড় মারেন। এছাড়া তাদের মধ্যে মতবিরোধ, স্বার্থের সংঘাত, অসম আচরণ, সমন্বয়হীনতা এবং অকর্মকর্তাসুলভ আচরণের বিষয়ও তদন্তে উঠে আসে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তার কর্মকাণ্ড দাপ্তরিক শৃঙ্খলা বিনষ্ট করেছে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শুনানির আবেদন করলে গত ২১ মে তাকে শুনানির সুযোগ দেওয়া হয়। শুনানিতে তিনি আত্মপক্ষ সমর্থন করেন। তবে অভিযোগনামা, প্রাথমিক তদন্ত প্রতিবেদন, লিখিত জবাব এবং শুনানিতে দেওয়া বক্তব্য পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ নজরুল ইসলাম একজন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে আঘাত করেছেন এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। তার এ আচরণ স্পষ্টতই ‘অসদাচরণ’ এবং তা শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(২)(ক) অনুযায়ী তাকে ‘তিরস্কার’ এবং বিধি ৪(২)(খ) অনুযায়ী পরবর্তী এক বছরের জন্য ‘বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত’ করার লঘু দণ্ড প্রদান করেছে নির্বাচন কমিশন।

এলিস/রিফাত/