পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আকাশচুম্বী দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা, তবে এবার কেনা-বেচা নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, আর্ট গ্যালারি, এবং কালিবাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি মার্কেটেই এখন উৎসবের আমেজ। আলোকসজ্জায় ঝলমল করছে বড় বড় শপিংমল। বাহারি সব পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নারী-পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত শহরের অলিগলি।
এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে কারুকাজ করা বিভিন্ন বুটিক্সের থ্রি-পিস, পাকিস্তানি ও ইন্ডিয়ান ড্রেস, ফারসি কাট, সারারা এবং লেহেঙ্গা। অন্যদিকে, পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে সুতি ও সিল্কের পাঞ্জাবি এবং শার্ট।
ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা আফরোজা বেগম বলেন, পরিবারের জন্য কেনাকাটা করতে আসলাম। এবারের কালেকশন খুব সুন্দর, কিন্তু দাম অনেক বেশি। গত বছর যে থ্রি-পিস ২,৫০০ টাকায় কিনেছি, এবার সেটার দাম চাচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বাজেটের সঙ্গে মেলানো খুব কঠিন হয়ে পড়ছে।
হাজীপাড়া এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌসী বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে আর শপিং করতে বের হয়েছি। ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রেসগুলোর অনেক নতুন ডিজাইন এসেছে। দাম একটু বেশি হলেও পছন্দের পোশাকটা নিতেই হবে। তবে ভিড়ের কারণে মার্কেটে হাঁটাচলা করা বেশ কঠিন হয়ে পড়েছে।
ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার অপরূপা নামক কাপড়ের দোকানের মালিক মো. শরিফুল ইসলাম জানান, নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় এবার ক্রেতারা নির্ভয়ে বাজারে আসছেন। প্রতিদিন সকাল থেকেই কাস্টমার সামলাতে হিমশিম খাচ্ছি। কাপড়ের মান ও ডিজাইনে এবার অনেক বৈচিত্র্য আছে। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় আমাদেরও কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, তবে বিক্রি নিয়ে আমরা খুশি।
আরেক বিক্রেতা মো. রহমত উল্লাহ বলেন, বড় বড় মলের পাশাপাশি আমাদের ফুটপাতেও কেনা-বেচা ভালো। নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষেরা এখান থেকেই সাধ্যের মধ্যে পোশাক কিনছেন। আশা করছি চাঁদ রাত পর্যন্ত এই ভিড় অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁও জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন। জেলার প্রতিটি মোড়ে মোড়ে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও ঈদের আনন্দ ভাগ করে নিতে ঠাকুরগাঁওয়ের মানুষ মেতেছেন উৎসবের কেনাকাটায়।
নবীন হাসান/নাঈম