চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে হিন্দুদের শ্মশানের মধ্যে দিয়ে রাস্তা বানানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
শ্মশানের প্রাচীর নির্মাণ কাজ চলমান থাকলেও নিরাপত্তা এবং দখলদারদের হামলার আশঙ্কায় সেখানে শত শত নারী-পুরুষ পাহারা দিচ্ছেন। সেখানেই সারছেন খাওয়া দাওয়া।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার সাধনপুর ইউপির উত্তর সাধনপুর-দক্ষিণ বাণীগ্রাম মাস্টারপাড়া মহাশ্মশানে এ ঘটনা ঘটে।
হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, স্থানীয় নয়ন চৌধুরী, আবু শরিফ ও জিহানের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা কয়েক শ লোক নিয়ে শত বছরের এই শ্মশান দখল করে ওই শ্মশানের ভেতর দিয়ে রাস্তা করার চেষ্টা করেন। তারা শ্মশানের কাজে বাঁধা দেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সেখানে শতাধিক বহিরাগত লোক এসে হামলার চালান। তারা শ্মশানের গাছ কেটে ফেলেন এবং মালামাল লুট করেন। খবর পেয়ে মাস্টারপাড়ার নারী-পুরুষ মিলে ধাওয়া করলে তারা পালিয়ে যান।
শ্মশান ও মন্দির কমিটির সভাপতি মতিলাল সেন জানান, শত বছর ধরে আমাদের এই শ্মশান। স্থানীয় কিছু প্রভাবশালী শ্মশানের পিছনে জায়গা কিনে শ্মশানের ভেতর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করছেন। আমরা এটা কখনো মেনে নিতে পারি না।
স্থানীয় শলিল দে, ভূপুতি রঞ্জন দে, অসীত কুমার সেন, মধুসূধন দত্ত ও চপল কান্তি দে জানান, আমাদের শত বছরের ঐতিহ্যবাহী এই মাস্টারপাড়া মহাশ্মশান। এটি আমাদের ধর্মীয় পবিত্র স্থান। ভূমিদস্যুরা শ্মশানের পাশে জায়গা কিনে আমাদের পবিত্র স্থান দখল করতে অপচেষ্টা করছেন।
বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল খবরের কাগজকে জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো ধরনের হামলা বা দখলবাজির আশঙ্কা নেই।
শফকত হোসাইন/অমিয়/