পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি যে ওয়াদা করে সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করে। তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে ইশতেহারে যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে, সেই ওয়াদা রক্ষার কাজ ইতোমধ্যেই শুরু করেছে। তার অংশ হিসেবে গতকাল আমাদের প্রধানমন্ত্রী সারাদেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। এখন পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই কর্মসূচি চলবে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে গট্টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রথমে কৃষক ভাইদের জন্য ১০ হাজার টাকা সুদ সমেত কৃষি ঋণ মওকুফ করেছেন, এছাড়া আমার মা বোনদের জন্য পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন, ওলামা মাশায়েখ সহ অন্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা চালু করেছেন এই রোজার মাসে। এই রোজার মাসের পরেই সামনে কৃষক ভাইদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা তিনি করবেন। এতে করে আমার কৃষক ভাইয়েরা অনেক লাভবান হবে। এতেই প্রমাণ হয় বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। আর এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের সেবায় নিয়োজিত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন কাজ করে তখন কিন্তু কোনো দল মত দেখে না। কে আমাদেরকে ভোট দিয়েছে, আর কে আমাদেরকে ভোট দেয়নি এই পার্থক্য তখন তারা করেনা। আমাদের সকলের জন্যই সমান দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।
শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে আমাদের দেশের অনেক ভাই-বোন চাকরি করে। তাদের নিরাপত্তা বিধান করার জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক, কারণ এই বৈশ্বিক সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।
শামা ওবায়েদ বলেন, আপনারা সকলে মিলে কষ্ট করে, কাজ করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এবং আমি আগে কী বলতাম, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনারা সবাই নির্বাচিত হবেন। আপনাদের সহযোগিতায় আমি যখন সংসদে বসি তখন আমার কাছে মনে হয় সালথা-নগরকান্দা দুই উপজেলার মুরুব্বি, ভাই ও বোনদের নিয়ে বসে আছি। সুতরাং আপনাদের সাথে নিয়ে আমি সংসদ গেছি। আমার কাছে কখনো ভেদাভেদ ছিল না, এখনো নাই ভবিষ্যতেও থাকবে না। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার বাবা কেএম ওবায়দুর রহমান সবার সেবা করে গেছে। ইনশাআল্লাহ আল্লাহতালা আমাকে যতদিন তৌফিক দিয়েছে। আপনারা যদি সহায় হোন আল্লাহ যদি সহায় হয় আপনারা যদি দোয়া করেন আমি আপনাদের জন্য সেবা করে যাব ইনশাআল্লাহ।
সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্লা, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সঞ্জিব/মাহফুজ