ফেনীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুরে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) ভোর চারটার দিকে ফেনী পৌর এলাকায় রামপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ফেনী-রামপুর অংশে চট্টগ্রামমুখী লেনে সড়ক সংস্কারের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে ওই অংশ অতিক্রম করছিল। এমন অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহন দাঁড়ায়। কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস সেই দাঁড়ানো বাস ও মোটরসাইকেলে ধাক্কা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং এক যাত্রী নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম খবরের কাগজকে জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারও নাম-পরিচয় জানা যায়নি।
তোফায়েল আহাম্মদ/অমিয়/