কুমিল্লার পদুয়ার বাজারে রেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
রবিবার (২২ মার্চ) রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেহেদী ও হেলাল নামে দুই গেটম্যান পদুয়ার বাজারে দায়িত্ব পালন করছিলেন। এই দুইজনকেই বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান।
পড়ুন >> কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন ভর্তি রয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এর মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।
এছাড়া আহত আরও ১৮ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক ডা. অজয় ভৌমিক।
পড়ুন>> চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। সকালে দুর্ঘটনাকবলিত বাসটিকে লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এখন ট্রেনটি সচল করার জন্য কাজ শুরু করেছে উদ্ধারকারী ট্রেন।
এর আগে শনিবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেন ও লক্ষ্মীপুরগামী বাস মামুন স্পেশালের সংঘর্ষ হয়। ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বাসটিকে প্রায় এক কিলোমিটার সামনে ঠেলে নিয়ে আসে।
অমিয়/