ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলায় সৌখিন পরিবহনের দুটি বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান ও মো. রাশিক খান শুষান অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাসকান্দা বাস টার্মিনাল থেকে নিয়মিত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সৌখিন পরিবহনের বাসগুলো। বৃহস্পতিবার প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছিল। কয়েকগুণ বেশি ভাড়া আদায় করায় অনেক যাত্রী বাসের চালক ও সহকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে সৌখিন পরিবহনের দুটি বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান বলেন, সৌখিন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে দুটি বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে নির্ধারিত মূল্যে ভাড়া আদায় করা হচ্ছে।
মিন্টু/রিফাত/