মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শামসু সর্দার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সামসু সর্দার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে সামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালি বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
রফিকুল ইসলাম/নাঈম