সিলেটে সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৭৬ লাখ ৬ হাজার ৪০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করাসহ চোরাচালানী মামলার ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি ও জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর বিওপি চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ি, চিনি, অ্যাকশন বিটার, চেলসিয়া লন্ডন ড্রাই জিন এবং বাংলাদেশ থেকে পাচারের সময় সুপারি, শিংমাছ ও রসুন জব্দ করা হয়।
এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ৬১ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা।
এছাড়া ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিানয়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালায়। এই অভিযানে মাদক ও চোরাকারবারী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করা মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ জিরাসহ ৪৬ লাখ টাকার অধিক অবৈধ চোরাইপণ্য জব্দ হয়। ওই অভিযানে ১ হাজার ৪৬০ কেজি জিরা এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও পিকআপ এর সিজারমূল্য ৪০ লাখ ৫২ হাজার টাকা।
এ ছাড়াও গত ১০ এপ্রিল একই ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক পৃথক আভিযানে ৫টি মহিষ ৩০০ কেজি চিনি, ৫০ কেজি জিরা, ৩৪ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। অভিযানে জব্দ মালামালের মোট সিজারমূল্য ৪৬ লাখ ১০ হাজার ৬০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পরিচালক অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার বলেন, জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে।
অমিয়/