রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। এর মধ্যে চার শিক্ষার্থীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ ৬ জন শিক্ষার্থীকে নিয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে রাজবাড়ীতে আসেন। শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ছিল অংকুর স্কুল অ্যান্ড কলেজে। দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাদের নিয়ে বাড়ি ফেরার পথে মুলঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো—তামিম, রবিন, মিম ও তাহেরা। এদের মধ্যে তামিমের হাত ভেঙে গেছে এবং রবিন নাকে গুরুতর আঘাত পেয়েছে।
প্রধান শিক্ষক হোসাইন আহমেদ বলেন, "দুপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফিরছিলাম। মুলঘর এলাকায় সামনে থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে চারজন বেশি আঘাত পেয়েছে।"
রাজবাড়ী সদর হাসপাতালের কনসালট্যান্ট ডা. রাজীব দে সরকার বলেন, "আহত চার শিশুর মধ্যে দুজন বেশি আঘাত পেয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটি শিশু নাক ও মুখে আঘাত পেয়েছে।"
সুমন বিশ্বাস/এসএন