ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭ ট্রাম্প-মাখোঁ নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’ সিলেটে কম্পিউটার সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ, সেক্রেটারি আবু সাঈদ আর কতকাল এ বৈষম্যের খেলা? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাজেটে ওয়াশ বরাদ্দে ইতিবাচক পুনরুদ্ধার, তবে রয়ে গেছে চরম সমতার ঘাটতি বাংলাদেশের দুর্বল শিক্ষাপদ্ধতির পরিবর্তন চাই
Nagad desktop

প্রকৃত কৃষক কবিরের কৃষক কার্ড প্রাপ্তি, টাঙ্গাইলে বিতর্কের ঝড়

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ এএম
প্রকৃত কৃষক কবিরের কৃষক কার্ড প্রাপ্তি, টাঙ্গাইলে বিতর্কের ঝড়
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া এলাকার বর্গাচাষি কবির হোসেন প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করার পরপরই তাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্ড গ্রহণ করেন।

সরেজমিনে জানা যায়, মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেনের নিজস্ব জমি রয়েছে প্রায় ১৩ শতাংশ। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে আসছেন। স্থানীয়দের মতে, তিনি এলাকায় একজন ক্ষুদ্র কৃষক হিসেবেই পরিচিত।

তবে কৃষিকাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরি করে আয় করার বিষয়টি সামনে আসার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কৃষক কার্ডের সুবিধা কি কেবলমাত্র পেশাদার কৃষকরাই পাচ্ছেন, নাকি অন্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এর আওতায় চলে আসছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কবির কৃষিকাজ করলেও তিনি নিয়মিত কন্টেন্ট তৈরি করেন। এ কারণে কৃষক কার্ড প্রদানের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে, কয়েকজন কৃষকের দাবি, কবির যেহেতু বর্গাচাষ করেন এবং তার নিজস্ব জমিও রয়েছে, তাই তিনি কৃষক কার্ড পাওয়ার যোগ্য। তাদের ভাষ্য, কৃষিকাজই তার মূল পেশা, তাকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে কৃষক কবির হোসেন বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি কন্টেন্ট বানিয়ে কিছু অতিরিক্ত আয় করি।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ জানান, নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি, তিনি প্রকৃতপক্ষে একজন কৃষক। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।

উল্লেখ্য, কৃষকদের প্রণোদনা ও সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। তবে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

জুয়েল রানা/এসএন

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩)। মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায় সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে বুধবার দুপুরে সোনারগাঁয়ে ঘুরতে যায় তারা। পরে মেঘনা নদীতে গোসল  করতে নামে তারা। নদীর প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা চেষ্টা করলেও তাদের উদ্বার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেলে প্রথমে মেরাজের এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনেরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন, দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমরান/আমান

গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
সাজাপ্রাপ্ত বৃদ্ধ আসামি জালাল উদ্দিন। ছবি: খবরের কাগজ

নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় ৬৫ বছর বয়সী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ওই এলাকার বাসিন্দা এবং শিশুটি তার প্রতিবেশী ছিল।

বুধবার (১৭ জুন) দুপুরে শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ আগস্ট ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। তখন প্রতিবেশী জালাল উদ্দিন শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে মামলাটি নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। 

রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার পর আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কামাল/নাঈম

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ
খাবার খেয়ে অসুস্থ হওয়া শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে ৯ শিক্ষার্থী চিকিৎসাধীন আছে জেলা হাসপাতালে।

বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪২ নম্বর সালিম ডোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, দুপুরে ‘গাক’ নামক একটি এনজিওর পক্ষ থেকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ডিম ও পাউরুটি বিতরণ করা হয়। তবে সরবরাহকৃত খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শিক্ষার্থীরা ওই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সালিম ডোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছন। তবে ভিন্ন কথা বলছেন খাবার বিতরণকারী ‘গাক’ এনজিওর কর্মকর্তা কবির উদ্দিন।

তিনি বলেন, আজকে ২১৩টি স্কুলে ৪১ হাজার ৭শ ৩৯টি ফিডিংয়ের খাবার (ডিম ও পাউরুটি) বিতরণ করা হয়েছে। তবে সকাল থেকে ওই স্কুলে বিদ্যুৎ ছিল না। তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাহবুব হাসান বলেন, স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৯ শিক্ষার্থী ভর্তি হয়েছে। খাবার খেয়ে পেটব্যথা হয়েছিল, তার ওপর আবার আবহাওয়া খারাপ। বর্তমানে তাদের স্যালাইন দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা সম্পূর্ণ পর্যবেক্ষণে রাখছি।

আসাদুল্লাহ/আমান 

চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা
ছবি: খবরের কাগজ

মায়ানমার থেকে আসা কিছু রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার নিয়ে উদ্বেগ বাড়ছে। ভাষাগত মিলের কারণে তারা স্থানীয় জনগণের সঙ্গে সহজে মিশে যাচ্ছে, যা চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে জনস্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপতালের চর্ম ও যৌন রোগ বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে এইচআইভি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় আলোচকরা একথা বলেন।

বুধবার (১৭ জুন) চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত কর্মশালার উদ্দেশ্য ছিল এইচআইভি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষা এবং এ বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা জোরদার করা।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ জোনায়েদ মাহমুদ খান। তিনি জানান, ২০২৫ সালে অর্থাৎ গত বছর ২১৭ জন রোহিঙ্গা এইডস রোগী চমেক হাসপাতালে এসেছিল। তার আগের বছর এসেছিল ২১৫ জন। তাদেরকে কক্সবাজারের উখিয়া
এআরটি সেন্টারে পাঠানো হয়েছে।

রোহিঙ্গারা চট্টগ্রামে অবাধে চলাফেরা করে। কেউ চিকিৎসা নিতে এলে তখন আমরা চিকিৎসা দিয়ে উখিয়া সেন্টারে পাঠাই। কিন্তু চিকিৎসা নিতে আসে না এরকম রোগী বাইরে কতজন ঘুরাফেরা করছে তা আমাদের জানা নেই। এসব রোগী মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

অপরদিকে, ২০২৫ সালে সারাদেশে এইচআইভি নিয়ে বসবাসকারী ব্যক্তির সংখ্যা ছিল ১৮৯১ জন। যার মধ্যে ২১৭ জন রোহিঙ্গা।

আর ২০২৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এ আর টি সেন্টারে ৩৯৪২ জনকে এইচআইভি পরীক্ষা করা হয়। যার মধ্যে পজিটিভ ৮১ জন, নেগেটিভ ৩৮৬১জন। আক্রান্ত রোগীদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ১৯ জন মহিলা। যার মধ্যে ১৫ জন মারা যায়।

আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছর। এ বিষয়ে অধ্যাপক জোনায়েদ মাহমুদ খান বলেন, যে ব্যক্তি ১৫ বা ২০ বছর বয়সে আক্রান্ত হচ্ছে তার শরীরে এইডসের প্রকাশ পেতে ৮ থেকে ১০ বছর সময় লেগে যায়। অর্থাৎ ওই ব্যক্তির শরীরে এইডসের জীবাণু শনাক্ত হচ্ছে ২৫ থেকে ৩০ বছর বয়সে। যথাযথ চিকিৎসা নিলে এইচআইভি পজেটিভ ব্যক্তি সুস্থভাবে ও স্বাভাবিকভাবে ঘর সংসার করতে পারেন। এমনকি তারা সন্তানও জন্ম দিচ্ছেন।

সন্তানদের শরীরে এইচআইভি’র জীবাণু নেই। এটি চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার ফসল। এই ইতিবাচক দিকের একটি নেতিবাচক দিকও রয়েছে।অনেক তরুণ-তরুণী বেপরোয়া জীবনযাপন করছেন। কারণ তারা জানে এইচআইভি আক্রান্ত হলে এখন সরকার বিনামূল্যে চিকিৎসা দেয়। চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়।

কর্মশালায় বক্তারা বলেন, এইচআইভি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বৈষম্য ও সামাজিক কলঙ্ক দূরীকরণ এবং মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংবাদমাধ্যম জনগণের ধারণা ও মনোভাবকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম। একইসঙ্গে নীতিনির্ধারণী আলোচনায় ভূমিকা রাখা, ঝুঁকিপূর্ণ ও আক্রান্ত জনগোষ্ঠীর কথা তুলে ধরা এবং তথ্যপ্রমাণভিত্তিক সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও মিডিয়ার দায়িত্ব অপরিসীম।

দায়িত্বশীলতার অভাবে গণমাধ্যম কখনও কখনও অনিচ্ছাকৃতভাবে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কারকে আরও শক্তিশালী করতে পারে। এছাড়া এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের গোপনীয়তা লঙ্ঘন কিংবা ঘটনাকে অতিরঞ্জিত ও চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করার মাধ্যমে নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে। তাই এইচআইভি সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানবাধিকার, ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান (নাহিদ), সহকারী অধ্যাপক ডা. বর্ণালী বড়ুয়া, ডা. অজয় কুমার ঘোষ, ডা. সামিরা জামাল, ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগের রেজিস্ট্রার ডা. সিফাত সায়মা প্রমুখ।

আমান/

মুক্তাগাছায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংযোগ সভা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০৫ পিএম
মুক্তাগাছায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংযোগ সভা
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত ও তা গতিশীল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) মুক্তাগাছার হোটেল ড্রিম ট্রিম মিলনায়তনে ‘প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার’-এর ইআরইডিএমসিএম প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং সমাজের মূলধারায় তাদের কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মুক্তাগাছা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর সভায় সভাপতিত্ব করেন। এতে প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, যুবদলের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উন্মুক্ত আলোচনায় সরকারি কর্মকর্তা, অভিভাবক ও যুবদলের নেতারা প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রাতিষ্ঠানিক বাধাগুলো চিহ্নিত করেন। এসব বাধা দূরীকরণে তৃণমূল পর্যায়ে সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে ডা. সায়েম তানভীর বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়ন ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এই প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমুখী, অধিকারভিত্তিক ও সচেতনতামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা আমাদের রয়েছে।’

জয়ন্ত সাহা/নাঈম