কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ একই গ্রামের ১০-১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে মাজদিয়ার মাদরাসাপাড়া গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যেই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ রবিউল ইসলামের বাড়িতে চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা বাড়ির সদস্যদের ওপর গুলি চালায়।
আহতরা হলেন- ৪নং মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম। একই গ্রামের কামু, রানা, হাফেজ প্রামাণিক, রানার স্ত্রী তমা খাতুন, রুমনের স্ত্রী রুনা ও রাকিব ডাক্তারের স্ত্রী মুন্নী।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গুলির ঘটনায় এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনা কারা এবং কী কারণে ঘটিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
মিলন উল্লাহ/রিফাত/