পটুয়াখালীর বাউফলে পিতৃ পরিচয় পেতে ছয় মাস বয়সী শিশু সন্তান নাঈমকে নিয়ে চাচা কবির হাওলাদারের (৪৮) বাড়িতে অনশন শুরু করেছেন নিপা আক্তার (২৩)।
সোমবার (২০ এপ্রিল) থেকে শিশুকে নিয়ে অনশন শুরু করেছেন ভুক্তভোগী নারী। সন্তানসহ প্রেমিকার উপস্থিতি দেখে চাচা কবির ঘরে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান।
নিপা ও কবির হাওলাদার দুজনেই উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামের বাসীন্দা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুরা ইউনিয়নের মো. জহির খান নামে এক যুবকের সঙ্গে প্রায় ৯ বছর আগে নিপার বিয়ে হয়েছিল। ওই সংসারে তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। চাকরির সুবাদে স্বামী দূরে থাকায় প্রতিবেশী চাচা কবিরের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে নিপা অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। স্বামী মো. জহির ১৩ মাস পরে বাড়িতে এসে স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখে পারিবারিক অশান্তি তৈরি হয় এবং তিনি শ্বশুরবাড়ি থেকে চলে যান। পরে নিপা বাবার বাড়ীতে বসেই একটি পুত্র সন্তানের জন্ম দেন।
নিপার পরিবারের দাবি, কবির হাওলাদারের বাসায় কাজ করতেন নিপা। তখনই তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। এখন সন্তান জন্মের পর তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এ কারণে নিপা তার সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও বিয়ের দাবি জানাচ্ছেন।
অন্যদিকে, অভিযুক্ত কবিরের স্ত্রী চম্পা বেগম বলেন, বিষয়টি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।
অভিযুক্ত কবির হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দেওয়ার জন্য বলেছি, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তাদের নিজ উদ্যোগে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
মশিউর মিলন/নাঈম