প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চবিদ্যালয়ে।
ভুক্তভোগী জান্নাতি খাতুন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। অন্য শিক্ষার্থীদের মতো সেও নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে। কিন্তু প্রবেশপত্র নিতে গিয়ে বিপাকে পড়ে জান্নাতি। গত সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখে, তার সহপাঠীদের সবার প্রবেশপত্র এলেও তারটি আসেনি।
জানা গেছে, মানবিক বিভাগের এই শিক্ষার্থী ভালো ফলাফলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু একটি প্রশাসনিক ভুলে তার সেই স্বপ্ন থমকে গেছে। জান্নাতির বড় ভাই মিজানুর রহমান কাজল বলেন, ‘ভালো ফল করলে বোনকে রংপুরের ভালো কোনো কলেজে ভর্তি করানোর পরিকল্পনা ছিল। কিন্তু শিক্ষকের ভুলে এই পরিস্থিতির শিকার হতে হলো।’
জান্নাতি বলে, ‘অনেক স্বপ্ন ছিল এসএসসি পরীক্ষা দেব। প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু শেষ সময়ে এমন ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি।’
এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, প্রবেশপত্র দেওয়ার পরে কয়েকজন শিক্ষার্থীর অপশনাল বিষয়ে ভুল আসে। সেটি সংশোধনের জন্য বোর্ডে যোগাযোগ করা হয়। জান্নাতির বিষয়টি আমার ভুল হয়েছে, আমি তার বাবার কাছে ক্ষমা চেয়েছি।