নারায়ণগঞ্জের সোনারগাঁয় এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা পেচাইন এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কোবাগা গ্রামের সমাজ সেবক মো.আব্দুল মালেক, শরিফ মিয়া, কামাল হোসেন, আব্দুস সালাম, তৌয়ব আলী, শামিম মিয়া, মো. আসাদুজ্জামান, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ওটমা, কোবাগা, পোচাইন, মালিপাড়া, আমবাগ, পাকুন্ডাসহ ১১ গ্রামের নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ১১টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের স্কুল, মাদরাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার কবলে পড়ছেন।
বক্তারা বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসী কোনো সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ইমরান হোসেন/নাঈম