চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার বৌদ্ধ ভিক্ষু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে উচারা ভিক্ষু, আগেদামা ভিক্ষু ও মাইক্রোবাসের চালক লাব্রে আং মারমা ঘটনাস্থলেই নিহত হন।
এ ছাড়াও ইন্দাসারা ভিক্ষু, নেন্দিয়া ভিক্ষু, সুমিতা ভিক্ষু এবং তাদের সফরসঙ্গী সাতুআই প্রু মারমা ও চেংপ্র মারমা আহত হয়েছেন।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা ফিরোজ খান খবরের কাগজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ দোহাজারী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চার বৌদ্ধ ভিক্ষুকে হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের যাত্রীরা সবাই বৌদ্ধ ভিক্ষু। তারা খাগড়াছড়ির দিকে যাচ্ছিলেন বলে জানতে পেরেছি।
আরিফুল ইসলাম/অমিয়/