এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সালাহউদ্দিন আহমেদ (১৭) কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা। তিনি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম.ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় ডিজিটাল মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় করছে।
তিনি আরও জানান, প্রতারক চক্র বিভিন্ন হোয়াটসএপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ করত। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্ন তৈরি করে পরীক্ষার আগের রাতে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা দাবি করত। বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে টাকা গ্রহণের পর ব্লক করে দিত তাদের।
আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
তারেকুর/ আমান