ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি চালু করা হয়।
কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, ইউনিটটি চালুর পর বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং ধীরে ধীরে এর উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে জরুরি ভিত্তিতে মেরামতকাজ সম্পন্ন করা হলে ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়।
জানা গেছে, ২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার ব্যবহার নিশ্চিত করতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয়। প্রাথমিকভাবে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট সংযোজন করা হয়। তবে বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বজায় রাখতে পারেনি।
প্রকৌশলী মোহসিনুল ফিরোজ আরও জানান, কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে বর্তমানে ওভারহোলিং কাজ চলমান রয়েছে। দুই নম্বর ইউনিটটি সম্পূর্ণ বন্ধই রয়েছে। সংশ্লিষ্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান আশা করছে, আগামী ১৫ মে’র মধ্যে ইউনিটটির কাজ শেষ করে উৎপাদনে ফিরিয়ে আনা যাবে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সুলতান মাহমুদ/নাঈম