বরিশালের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু মারা গেছেন।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার এশারের পর নগরীর আমনতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে নামাজে জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে ক্লাবে কালো পতাকা উত্তোলন এবং সদস্যদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তার দীর্ঘদিনের সহকর্মী বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি মো. জাকির হোসেন জানান, ইসমাইল হোসেন নেগাবান মন্টু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হলেও রক্তের শ্বেতকণিকার পরিমাণ অস্বাভাবিক হারে কমে যাচ্ছিল।
চার দশকের অধিক সময় ধরে সাংবাদিকতা ও আইনপেশায় যুক্ত থাকা ইসমাইল হোসেন নেগাবান মন্টু বরিশাল প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বরিশাল দেওয়ানি আদালতে সরকারের পক্ষে সাবেক প্রধান আইনজীবী ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দক্ষিণাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও সমাজবাস্তবতার নানা চিত্র তুলে ধরেছেন তার লেখনীতে।
মঈনুল ইসলাম সবুজ/এসএন