ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা জুহি নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তার মা এলিজা শারমিন (৪৮) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
শনিবার (৯ মে) দুপুরে কোতোয়ালি থানায় স্কুলছাত্রীর বাবা জামাল উদ্দিন কানু একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, গত ৩০ এপ্রিল বিকেলে ঘুরতে বের হওয়ার পর তারা নিখোঁজ হন। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ফাতেমাতুজ জহুরা জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। জামাল উদ্দিন কানু পরিবার নিয়ে ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করেন।
এ ব্যাপারে জামাল উদ্দিন কানু বলেন, ‘সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। জুহির মা মানসিকভাবে অসুস্থ। নিখোঁজের ১০ দিনেও তাদের সন্ধান মেলেনি। তাই গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
তিনি আরও বলেন, তাদের সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এবং সবস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান খবরের কাগজে বলেন, মা ও মেয়ে নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।
আমান/