চট্টগ্রামে কাফনের কাপড় পড়ে মিছিলকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে দুইটি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (এসি) (জনসংযোগ) আমিনুর রশিদ।
তিনি বলেন, গত ৫ জুন সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটের দিকে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে একটি মিছিলের তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশগ্রহণকারীরা যাত্রীবাহী বাসে করে এসে মাথায় সাদা কাপড় বেঁধে সমবেত হয় এবং মিছিল শুরু করে।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, ৪টি সাদা কাপড়ের টুকরা এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মিছিলে অংশগ্রহণের অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এসি আমিনুর রশিদ।
পুলিশ জানায়, মিছিলে অংশ গ্রহণকারী, নাশকতামূলক কর্মকাণ্ডসহ রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
প্রেপ্তাররা হলেন, হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক(৪৪)। যুবলীগ নেতা সাকিবুল ইসলাম(২২), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজাসহ (৩২) যিশু দাশ(৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম(২৩), মো. ইব্রাহিম খলিল(৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নীরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩), মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩) ও কর্ণফুলি থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি মেম্বার পদপ্রার্থী মো. ইরফান (৩২)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাঈম/