মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।
বুধবার (২৭ মে) সকাল থেকে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে দেড় ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিলই, আধারা ও মোল্লাকান্দিসহ পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায়ের কথা ছিল। কিন্তু ঝড়-বৃষ্টিতে তা বিঘ্ন ঘটে। পরবর্তীতে দুর্যোগ উপেক্ষা করেই বেলা ১১টার দিকে শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বাচ্চু মুন্সী।
জাহানগীরা তরিকার অনুসারী এই পাঁচ গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি পৃথক পৃথক জামাতে অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পশু কোরবানি দেন।
শিলই ইউনিয়ন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মঈনুল মাঝি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি। আজ বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল সরকার জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
অমিয়/