দিনাজপুরের বোচাগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রবিবার (৩১ মে) সকালে উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রহিম ঋশি (৩৫) জেলার পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋশির ছেলে।
স্থানীয়রা জানান, বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামে একটি লিচুর বাগান লিজ নেন জনি মাস্টার। সেই লিচুর বাগান পাহারা দিত রহিম ঋশি। আজ সকালে ভুক্তভোগী শিশুটি লিচুর বাগানে থাকা আম গাছ থেকে আম কুড়াতে গেলে রহিম ঋশি লিচু দেওয়ার কথা বলে তাকে বাগানের ভেতরে নিয়ে যায় এবং লিচু দেয়। পরে শিশুটিকে ভুট্টাখেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জনি মাস্টারের বাগানের এক পাহারাদার একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রক্রিয়া চলমান। মামলা সম্পন্ন হলে আসামিকে আদালতে পাঠানো করা হবে।
সুলতান মাহমুদ/সালমান/