চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ আল সাফি (১৪) ও আহমেদ জুবায়ের (১৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী গ্রাম সংলগ্ন পাগলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশুরা হলো- শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল সাফি এবং একই গ্রামের কামাল হোসেনের ছেলে আহমেদ জুবায়ের । তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে সাফি, জুবায়ের, আবির ও শুভ একসঙ্গে পাগলা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাফি ও জুবায়ের পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য দুই শিশুর চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।
আসাদুল্লাহ/রিফাত/