ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছরের মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (১ জুন) বিকেলে ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহার নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার রাতে তারাকান্দা উপজেলার বনপলাশিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার সকালে শিক্ষার্থীর মা বাদী হয়ে আবু রাহাতকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করেন।
গ্রেপ্তার আবু রাহাত পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবু রাহাতকে আদালতে তোলে তারাকান্দা থানা পুলিশ। এসময় বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ঈদের আগে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে মাদরাসা বন্ধ করে দিলেও ভুক্তভোগী শিক্ষার্থীকে বাড়িতে যেতে দেননি শিক্ষক আবু রাহাত। পরে আবু রাহাত ওই শিক্ষার্থীকে মাদরাসায় রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রবিবার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বনপলাশিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহবীর আহমেদ বলেন, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আত্মগোপনে চলে যায় আবু রাহাত। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে ময়মনসিংহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মিন্টু/রিফাত/