ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাকিস্তান বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছিলেন, হারুন মাস্টার, মিজি মন্নান, এম এ খালেক, সাবেক মেম্বার আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহ্বান করা হয়েছে। এতে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তির শিকার হতে হবে।
ইউনিয়নের সাবেক মেম্বার আবুল কাশেম বলেন, জনগণের সুবিধার কথা বিবেচনা না করে ইউনিয়নের এক প্রান্তে বোর্ড অফিস নির্মাণ করা হলে অধিকাংশ ওয়ার্ডের বাসিন্দারা সেবা পেতে দুর্ভোগে পড়বেন। তাই ইউনিয়নের কেন্দ্রীয় স্থানে বোর্ড অফিস নির্মাণ করতে হবে।
সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজ বলেন, ইউনিয়নের সব ওয়ার্ডের মানুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাঁদ মিয়ার বাজার থেকে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বোর্ড অফিস নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে বোর্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা প্রশাসন অফিসের প্রশাসনিক কর্মকর্তা দিলীপ চন্দ্র মাহা বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি। তিনি অফিসে ফিরে এলে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নিলয়/নাঈম