নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে হিন্দু সম্প্রদায়ের সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন হয়েছে। উৎসবকে কেন্দ্র করে আশ্রমের আশপাশের এলাকা লাখো ভক্তদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।
বুধবার (৩ জুন) সকালে পুজা আর্চনার মধ্য দিয়ে তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে গত দু’দিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকনাথ ভক্ত আশ্রমে তিরোধান উৎসবে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে ঊষা কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর চলে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ।
বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনেরও সমাগম বাড়ে। তিরোধান উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন স্থানীয় প্রশাসন। এদিকে তিরোধান উৎসবকে ঘিরে বারদী এলাকায় বসেছে ৭ দিন ব্যাপী লোকজ মেলা।
তিরোধান উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষ আয়োজন করেছে দিনব্যাপী বিভিন্ন নানা অনুষ্ঠান। এতে রয়েছে প্রভাত কীর্তন, গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, ভক্তিমূলক গান, সন্ধ্যা আরতি, ফল প্রসাদ, জল প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আগত লোকনাথ ভক্তরা সকাল সন্ধ্যা আরাধনা করছেন মনোষ্কামনা পূরণের আশায়।
এ ছাড়াও উৎসবে আগতদের জন্য বিনামূল্যে শিশুদের দুধ বিতরণ, ঔষধসহ চিকিৎসা সেবা, মিষ্টি, চিড়ামুড়ি, বাতাসা, পানি ও শরববত বিতরণের ব্যবস্থা নিয়েছে লোকনাথ সেবা সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, সীতা রাম সংঘ, শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
তবে বিপুল জনসমাগমের কারণে বারদী ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী অভিযোগ করেন, সাধারণ সময়ে ৪০ টাকার ভাড়া উৎসবের দিন ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সদস্য সচিব শংকর কুমার দে জানান, তিরোধান উৎসবে অংশ নিতে প্রতিবেশী দেশ বিদেশ থেকেও বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসেছেন। তাদের থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। পূজা, অর্চনা, ঊষাকীর্তন, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে আলোচনা, সন্ধ্যা কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। এলাকা পরিদর্শন করে লোকনাথ ভক্তদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, খাবার স্যালাইন ও পানি এবং শিশুদের জন্য দুধ বিতরণ করেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আগত লোকনাথ ভক্তদের বিভিন্ন সেবা প্রদান করে।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের নিরাপত্তায় পুলিশ সর্বদা কাজ করেছে। আশ্রম এলাকায় পুলিশ, র্যাব, আনসারসহ প্রায় ৬ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়াও আশ্রম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে সিসি টিভি ক্যামেরার আওতায় ছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। লোকনাথ ভক্তরা শান্তিপূর্ণভাবে দিবসটি পালন করেন।
মো: ইমরান হোসেন/এসএন