যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার রাতে রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাত দল আচমকা ইট পাটকেল ছুড়ে মাইক্রোবাসের গতি রোধ করে। চালক গাড়িটি থামালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল গাড়ির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ছাড়া গত মাসে এই মহাসড়কে আরও দুটি যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। একের পর এক ডাকাতির ঘটনার পর যাত্রী এবং চালকদের কাছে আতংকের নাম হয়ে হয়ে উঠেছে যমুনা সেতুর পশ্চিমপাড়ের এই মহাসড়কটি।
এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
তবে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
দিনা/মেহেদী/