চুয়াডাঙ্গায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় নামাজরত অবস্থায় বাবা কেএএম রিন্টুকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কেএএম রিন্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কেএএম রিন্টু তার ছেলে রিফাতকে প্রায়ই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতেন। পরে শনিবার ছেলের কাছ থেকে মোবাইল কেড়ে নেন তিনি। এরই জের ধরে রাত ৮টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পিছন থেকে ছুরিকাঘাত করে মাদরাসাছাত্র ছেলে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত কেএএম রিন্টুকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর/মেহেদী/