রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারা সবাই বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তাররা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশাল থানার ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি, আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহসভাপতি মো. মহিবুর রহমান, কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বংশাল থানা ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাবু আহাম্মেদ, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক দীপম সাহা, ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন ও ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।
রবিবার (২০ এপ্রিল) বিভিন্ন সময়ে তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা রাজধানীর বিভিন্ন থানায় মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অমিয়/