বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (১১ মে) সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে সুমন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) রাতে মারা যান।
নিহত সুমন ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর আগে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখেন সুমন। এর মধ্যে বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে বলেন সুমন। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যার দিকে মশিয়ার গংদের বাড়ি গিয়ে টাকা ফেরতের তাগিদ দেন তিনি। এ সময় তাদের কথা কাটাকাটি হয়। পরে সুমন গ্রামের দোকানদার আনিছুরের দোকানে গিয়ে বসেন। কিছুক্ষণ পর মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সঙ্গে থাকা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠি ও ইট দিয়ে আঘাত করেন। এর পর মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান সুমন।
ওসি রাসেল মিয়া বলেন, কেউ মামলা করেনি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নজরুল/মেহেদী/