রাজধানীর পল্টনে মাদককারবারিদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন - লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।
লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদককারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পুলিশ জানায়, রাতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদককারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার অস্ত্রোপচার হতে পারে।
ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
তুলি/অমিয়/