নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের বাগহাটা টেকপাড়া গ্রামে মাদককারবারি দুলালের বাড়িতে এক যুবককে আটকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে।
নিহত সাজিদ হোসেন (২২) বাগহাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্বজনদের অভিযোগ, দুলাল ও তার সহযোগীরা সাজিদকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে সোমবার (১৪ জুলাই) সকালে শেখেরচর ফাঁড়ি ও সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা যায়, গতকাল রবিবার রাত ২টার দিকে সাজিদের মা মুসলেমা বেগম খবর পেয়ে দুলালের বাড়ি যায়। গিয়ে দেখেন, দুলাল ও তার বাড়ির সদস্যরা বাড়ির গেটে তালা দিয়ে পালিয়ে গেছেন। পরে স্বজনরা তালা ভেঙে ঘরে ঢুকে সাজিদের মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় গ্রামবাসী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানান।
স্থানীয় রফিকুল ইসলাম, জোবায়ের ও অন্যান্যরা বলছেন, টেকপাড়া গ্রামের আতাউরের ছেলে মাদককারবারি ও একাধিক মামলার আসামি দুলাল (৪০) এখন স্থানীয় রাজনৈতিক নেতাদের অনুসারী। তার দৌরাত্ম্য বেড়েই চলেছে। সাজিদকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে ছিনিয়ে মাদকব্যবসায় সহযোগী বানিয়েছে দুলাল। ধারণা করা হচ্ছে তাদের ব্যবসার রাস্তাঘাট চিনে ফেলায় এখন তারাই তাকে হত্যা করে পালিয়ে গেছেন।
নিহতের মা মুসলেমা বেগম বলেন, আমার একমাত্র ছেলে সাজিদ। তাকে পাঁচ দিন ধরে নির্যাতন করেছে। তাকে বাঁচাতে নগদ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছিল। আমাদের কাছে টাকা না থাকায় দুলাল আমাদের বাড়ির দলিল নিতে চেয়েছিল। আমরা গতকাল তার বাড়িতে এসেছিলাম, কিন্তু ছেলেকে দেখতে দেয়নি তারা। শেষ পর্যন্ত আমার ছেলেটিকে তারা এভাবে হত্যা করল। এ বিচার কে করবে?
শেখেরচর ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মাদকের টাকার লেনদেন নিয়ে সাজিদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। এ ঘটনায় অভিযুক্ত দুলালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুলাল ও তার সহযোগী রনিসহ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
শাওন/অমিয়/