কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার পলাতক আসামি মাদককারবারি সন্ত্রাসী মামুনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, মামুন ও তিন নারী কক্সবাজার যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামার পর পানি কিনতে নিচে নামেন মামুন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মামুনকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তিনি গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
তিনি জানান, মামুনকে কী কারনে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড৷ আশা করি খুব দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারব।
ওসি আরো জানান, মামুনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়া একটি কিশোর গ্যাং পরিচালনা করতো মামুন।
অমিয়/