সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লামাপুঞ্জির খাসিয়াদের পান জুমের প্রায় দুই হাজার পানগাছের লতি কর্তন করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ জুলাই) গভীর রাতে লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখারের পান জুমে এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে খাসিয়া সম্প্রদায়ের দুটি পান সুপারির বাগানের (জুমের) প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত বাগানের এসব পানের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।
খাসিয়ারা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে নিজেদের ঐতিহ্যিক উপায়ে পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করছেন তারা। লামাপুঞ্জির হেডম্যানের নেতৃত্বে দুটি জুমে কয়েকজন পরিবার মিলে এসব গাছ পরিচর্যা করতেন। কিন্তু হঠাৎ পানজুমে হানা দিয়ে রাতের আঁধারে পুরো বাগান কেটে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবেও চরম আঘাত পেয়েছে খাসিয়া সম্প্রদায়।
তাদের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত। এটি তাদেরকে বসতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হতে পারে।
ক্ষতিগ্রস্ত পানজুমের হেডম্যান গষ্মিন ডিখার বলেন, ‘দুর্বৃত্তরা সব শেষ করে দিয়েছে। আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ ঘটনার বিচার চাই।’
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লামাপুঞ্জি এলাকায় দুটি বাগানে পানের গাছ কেটে ফেলার বিষয়টি জেনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী/