ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি খালাতো ভাইকে গাঁজা সরবরাহ করতে গিয়ে নয়ন চন্দ্র মণ্ডল (২৪) নামে এক যুবক আটক হয়েছেন।
শনিবার (২ আগস্ট) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
নয়ন চন্দ্র মণ্ডলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নয়নের খালাতো ভাই সিনহাত মণ্ডল ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি। নয়ন তার সঙ্গে দেখা করার কথা বলে কারাগারে ঢোকার চেষ্টা করেন। এ সময় কারাগারের প্রধান ফটকে আরপি (রিজার্ভ পুলিশ) তল্লাশি চৌকিতে দায়িত্বরত কারারক্ষীরা তার পথরোধ করেন।
কারারক্ষীরা গণমাধ্যমকে জানান, নয়নের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে প্যান্টের পেছনের পকেট থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। এর পর তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন গণমাধ্যমকে জানান, 'খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। আটক নয়নের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।'